জয়পুরহাটে নিজের শয়নকক্ষ থেকে মোস্তাকিম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার ভাদশা বড় মাঝি পাড়া এলাকার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এঘটনায় মোস্তাকিমের স্ত্রী রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত মোস্তাকিম একই এলাকার আব্দুল হামিদের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানান, গত দুই মাস আগে পাশের উপজেলা ধামুরহাট এলাকার মানপুর গ্রামের বাবু সরদারের মেয়ে রিয়ার সঙ্গে মোস্তাকিমের বিয়ে হয়। শ্বশুর বাড়িতে রিয়া এসে পারিবারিক কলহ করে বাবার বাড়ি চলে যায়। এরপর শুক্রবার সন্ধ্যায় পারিবারিকভাবে বৈঠক করে রিয়াকে তার বাবার বাড়ি থেকে মোস্তাকিম বাড়িতে নিয়ে আসে। রাতে খাওয়ার পর মোস্তাকিম তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ রাত দেড়টার দিকে রিয়ার চিৎকারে শ্বশুর-শাশুড়ি ও প্রতিবেশীরা এসে দেখেন ঘরের আড়ার সঙ্গে মোস্তাকিমের ঝুলন্ত লাশ।
পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায় ও রিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা যায়।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরোয়ার আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একটি অপমৃত্যু মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রীকে থানায় আনা হয়েছে।
