ফুলবাড়িয়ায় গণধর্ষণ মামলা, তিনজন গ্রেপ্তার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

গতকাল শনিবার ফুলবাড়িয়ায় স্কুলছাত্রী গণধর্ষণ মামলার তিন আসামিকে গাজীপুরের সখীপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফুলবাড়িয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম জানান, সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের তিন তলা ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে ১০ম শ্রেণির শিক্ষার্থী বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার পথ অবরোধ করে অপহরণ করে সিএনজি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা ওই রাতে অপহৃত স্কুলছাত্রীকে গাজীপুরের সখীপুর গড়ের ভেতর নিয়ে রাতভর জোরপূর্বক ধর্ষণ করে জঙ্গলে ফেলে রেখে পালিয়ে যায়। পরদিন ভোরে বনের ভেতর স্থানীয় লোকজন শিক্ষার্থীর গোংরানির শব্দ শুনে তাকে উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়। পরিবারের লোকজন সখীপুর থেকে ধর্ষিতা শিক্ষার্থীকে বাড়ি নিয়ে যায়। 

এ ঘটনায় শিক্ষার্থীর বাবা আব্দুর রাজ্জাক বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় অপহরণ মামলা দায়ের করে। গতকাল শনিবার ভোরে ফুলবাড়িয়া থানা-পুলিশ অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামি ইসমাইল হোসেন অরিন, মনির হোসেন ও জসিমকে আটক করে থানায় নিয়ে আসে। 

আটককৃতরা ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

ফুলবাড়িয়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ধর্ষিতার ডাক্তারি পরীক্ষার জন্য মচিম হাসপাতালে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত