মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি বন্ধে জাতিসংঘের আহ্বান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৩ এএম

মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে অর্থ ও অস্ত্র পৌঁছানো থামাতে বিশ্বের দেশগুলোর আরও বেশি কিছু করা উচিত বলে মন্তব্য করেছে জাতিসংঘ মানবাধিকার দপ্তর (ইউএনএইচআর)। 

গত শুক্রবার এক প্রতিবেদনে ইউএনএইচআর মিয়ানমারের সামরিক বাহিনীকে আরও বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়ে বলেছে, জান্তারা অর্থবহ ও টেকসই উপায়ে দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। মিয়ানমারের সেনারা তাদের জনগণকে দমন ও সন্ত্রাসের মাধ্যমে শাসন করছে।

প্রতিবেদনে মিয়ানমারের সামরিক বাহিনীর ব্যবসায়িক নেটওয়ার্ককে বৈদেশিক মুদ্রা লেনদেন থেকে বিরত রাখতেও নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে। 

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারের জনগণকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে ইউএনএইচআর।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপরও দেশটি প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকটি দেশ জান্তা সরকারকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করছে।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া মিয়ানমারকে যুদ্ধবিমান এবং সাঁজোয়া যান সরবরাহ করেছে, চীন যুদ্ধবিমান ও পরিবহন বিমান সরবরাহ করেছে, সার্বিয়া রকেট ও আর্টিলারি শেল সরবরাহ করেছে এবং ভারত একটি দূরবর্তী আকাশ প্রতিরক্ষা স্টেশন দেওয়ার পাশাপাশি একটি কিলোক্লাস সাবমেরিন দেশটির নৌবাহিনীকে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত