চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি বাড়ির গুদামঘরের মাটি খুঁড়ে ২ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট ও দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ সময় ইয়াবার ডিলার আজম উদ্দিন চৌধুরীসহ তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার দুপুরে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।
তিনি বলেন, গত শনিবার সন্ধ্যায় কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর বাদামতল এলাকার একটি ঘরে অভিযান চালানো হয়। সে সময় ইয়াবার ডিলার আজম উদ্দিন চৌধুরী ও ছৈয়দ নুর ওরফে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, একটি বসতঘরের পাশের গুদামঘরে মাটির নিচে লুকিয়ে রাখা ২ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া পানির নিচে বিশেষ কায়দায় পলিথিনের ব্যাগের ভেতরে লুকানো দুটি ওয়ান শুটারগান ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের অধিনায়ক জানান, ওই এলাকার আজম উদ্দিন চৌধুরী একসময় দর্জি ছিলেন। দর্জি পেশার আড়ালে জড়িয়ে পড়েন খুচরা ইয়াবা বিক্রিতে। সেই আজম ইয়াবার বাহক থেকে বনে যান ডিলার। আর ইয়াবার কারবার নিরাপদ রাখতে বাঁশখালীর অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে আনেন দেশীয় আগ্নেয়াস্ত্র।
র্যাব জানায়, গ্রেপ্তার আজম পাঁচ-ছয় বছর ধরে ইয়াবা কারবারে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। সে খুচরা কারবারিদের কাছে ছোট ছোট প্যাকেটে করে ইয়াবার চালান সরবরাহ করত।
