বরগুনায় পরিবহন ধর্মঘট চলছে, যাত্রীদের ভোগান্তি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৮ এএম

বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচল বাধা দেওয়ার কারণে বরগুনায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের ফলে বরগুনা থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে বরগুনাগামী সকল বাস চলাচল বন্ধ রয়েছে। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দূরপাল্লার পরিবহন পরিচালনা কমিটির দাবি যাত্রীবাহী বাস চলাচল নির্বিঘ্ন হলেই ধর্মঘট তুলে নেওয়া হবে। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে এ দূরপাল্লার পরিবহন ধর্মঘট শুরু হয়। দূরপাল্লার পরিবহন পরিচালক কমিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বাস চলাচল নির্বিঘ্ন না করা পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা। 

জানা গেছে, প্রায় দুই মাস ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের যাত্রীবাহী বাস চলাচল বাধা দেওয়া হচ্ছে। ফলে বাসগুলো পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে বরগুনায় চলাচল করছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে তিন- চার ঘণ্টা বেশি সময় লাগছে। এতে পদ্মা সেতুর সুফল কাজে লাগাতে পারছেনা বরগুনার সড়ক পথের যাত্রীরা। 

গত ২০ বছর ধরে এই সড়ক দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল করে আসছে। বরগুনা থেকে ফেরি ছাড়া ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র সহজ মাধ্যম এই সড়ক। এই সড়কে দূরপাল্লার পরিবহন চলাচলের জন্য বিআরটিএর অনুমতি না থাকার অজুহাতে বরিশালের রূপতলী বাসমালিক সমিতি নেতারা এই সড়কে দূরপাল্লার পরিবহন চলাচলে বাধা দিচ্ছেন এবং আমাদের শ্রমিকদের ওপর নির্যাতন করছেন।

বাসশ্রমিক হানিফা ও ফোরকান বলেন, বরিশালে আটকে রেখে আমাদের ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ঘণ্টার পর ঘণ্টা আমাদের বাস থামিয়ে রাখা হয়। চাঁদা দিয়ে তারপর আমাদের আসতে হয়। একটি স্বাধীন দেশে এরকম ঘটনা আমাদের জন্য লজ্জার। 

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের কারণে সকাল ৬টা থেকে বরগুনা থেকে ঢাকাগামী সকল পরিবহন বন্ধ রয়েছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী দূরপাল্লার পরিবহন যাত্রীরা। তাই তাদেরও দাবি সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার। 

ঢাকাগামী বাসের যাত্রী ফয়সাল বলেন, সকালে বাসস্টান্ডে এসে শুনি বাস চলাচল বন্ধ। বিকেলে আমার অফিসে জয়েন করার কথা, সঠিক সময়ে অফিসে পৌঁছাতে না পারলে কি হবে বলতে পারছি না। আমাদের দাবি দ্রুত এই সমস্যার সমাধান করা হোক। 

আরেক যাত্রী মশিউর রহমান বলেন, আমার আম্মা অসুস্থ। তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমি বরগুনায় চাকরি করি। এখন মায়ের পাশে গিয়ে দাঁড়াবো কিন্তু স্টান্ডে এসে শুনি বাস বন্ধ। 

বরগুনা দূরপাল্লার পরিবহন পরিচালক কমিটির যুগ্ন আহ্বায়ক একে আজাদ বাবলু বলেন, সম্প্রতি বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে বরিশালের রুপাতলী বাস মালিক সমিতির মালিক ও শ্রমিকরা। এতে ঢাকা থেকে বরগুনা পৌঁছাতে সময় লাগছে ১০ ঘণ্টা। ফলে দুর্ভোগ পোহাচ্ছে যাত্রীদের। যাত্রী ভোগান্তি ও বরিশাল বাস মালিক সমিতিরি স্বেচ্ছাচারিতার কারণে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি পূরণ হলেই ধর্মঘট প্রত্যাহার করা হবে বলেও জানান পরিবহন পরিচালক সমিতির এই নেতা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত