সমাবেশে আমীর খসরু

বিএনপিকে পরাজিত করার কোনো শক্তি বাংলাদেশে নেই

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ এএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ জনগণের সমর্থন হারিয়ে জনবিচ্ছিন্ন একটি দলে পরিণত হয়েছে। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার কথা বলে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে দায়িত্ব দিয়েছে। রাজপথের আন্দোলনে এমন জনস্রোত হবে যে, আওয়ামী লীগের লাঠিসোঁটা নিয়ে পালাতে বাধ্য হবে। রাজপথে তাদের খুঁজে পাওয়া যাবে না।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর মহাখালীর গাউসুল আজম জামে মসজিদসংলগ্ন ময়দানে ঢাকা মহানগর উত্তর বিএনপির (গুলশান জোন) উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি এখন সরকারি কর্মকর্তাদের হাতে চলে গিয়েছে। সেই কারণে তারা বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার সাহস হারিয়ে ফেলেছে। কাকে দিয়ে মোকাবিলা করাচ্ছে? ওই দখলবাজ, ওই টেন্ডারবাজ, ওই লুটপাটকারী যারা আওয়ামী লীগের রাজত্বে পকেট ভর্তি করেছে। তারাই হচ্ছে আজকে আওয়ামী লীগের একমাত্র সমর্থক। এ ছাড়া তাদের কোনো সমর্থ নেই।’

তিনি বলেন, ‘পুলিশের একটি অংশ আওয়ামী লীগের নেতা হয়ে গেছেন বা নেতা হওয়ার চেষ্টা করছেন। তারা এ পথে যাওয়ার চেষ্টা করবে। আমি আগেও বলেছি, এখনো বলছি আপনারা এ পথে যাবেন না। এটা আপনাদের জন্য ভালো হবে না, বাংলাদেশের জন্য ভালো হবে না, এর জন্য ভালো হবে না। গণবিচ্ছিন্ন সরকারকে হটাতে মানুষ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নেমেছে, রাস্তা থেকে কেউ ফিরে যাবে না। আমরা কেউ ফিরে যাব না, আমরা সবাই রাস্তায় থাকব, তাদের পরাজিত করবই।’

সাবেক এ মন্ত্রী বলেন, ‘ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের রাস্তায় থাকতে হবে। তাবিথ আউয়ালের হাত ভেঙেছে, মাথা ফেটেছে কিন্তু যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। ও তো ঘরে বসে থাকতে পারত কিন্তু যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। আমাদের সবাইকে এভাবে যুদ্ধক্ষেত্রে অব্যাহতভাবে রাস্তায় থাকতে হবে। বাংলাদেশের কোনো শক্তি নেই এর প্রতিরোধ করতে পারবে।’

আমীর খসরু বলেন, ‘আজকে আমরা যে আন্দোলনে নেমেছি তা শুধু বিএনপির একার নয়, দেশের ১৮ কোটি মানুষের আন্দোলন। আমাদের আন্দোলন অন্যান্য রাজনৈতিক দল, সুধীসমাজ যারা এ আন্দোলনের শামিল হয়েছে তাদেরও আন্দোলন। এ জন্য আগামী দিনে এ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। বিজয় হওয়ার পর যে জাতীয় সরকারের ঘোষণা দেওয়া হয়েছে তার মাধ্যমে আমরা বাংলাদেশের মেহনতি মানুষের জন্য কাজ করব। শুধু এ ফ্যাসিস্টকে সরাব না, এরপর আগামী দিনের বাংলাদেশ কী হবে তার রূপরেখা আমরা সবার সামনে তুলে ধরব। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের পরিচালনায় সভায় বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কামরুজ্জামান রতন, সরাফত আলী সপু, মোস্তাফিজুর রহমান বাবুল, সুলতানা আহমেদ, তাবিথ আউয়াল, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত