র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪৩ এএম

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি নিহত হয়েছে। তার নাম মোহাম্মদ মুবিন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়ার ১৪ নম্বর সেতুসংলগ্ন পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। মুবিন হোয়াইক্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালীর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, নিহত যুবক মাদক কারবারি। ঘটনাস্থল থেকে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, মাদকের একটি বড় চালান টেকনাফের দমদমিয়া এলাকায় হাতবদল হতে পারে। সেই সূত্র ধরে র‌্যাবের একটি দল ওই এলাকায় নজরদারি বাড়ায়। এ সময় চার থেকে পাঁচজন মাদক কারবারি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালালে কয়েকজন পাহাড়ের দিকে পালিয়ে যায় এবং ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে পাওয়া যায়। পরে তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নওশেদ কানন বলেন, ভোররাতে র‌্যাব একজনকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত