পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, উন্নয়নে পার্বত্যঞ্চলের চেহারা পাল্টে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। শেখ হাসিনা যতদিন থাকবে ততদিন পার্বত্যঞ্চলের উন্নয়ন হবে। শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের থানচি উপজেলার মনাই পাড়ায় বীর বাহাদুর ফাউন্ডেশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, থানচির মত এলাকায় স্কুল, কলেজ হয়েছে, বিদ্যুৎ এসেছে। তিন পার্বত্য জেলার দুর্গম এলাকায় যেখানে বিদ্যুৎ নেই সেখানে প্রথমে ১০ হাজার সোলার বিতরণ করা হয়। এখন আবারও সাড়ে ৪২ হাজার সোলার তিন পার্বত্য জেলায় বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। দুর্গম এলাকাও আলোয় আলোকিত হবে।
তিনি বলেন, তিন পার্বত্য জেলায় আরও ১ হাজার কোটি টাকা বিদ্যুৎ সম্প্রারণ বরাদ্দ দেওয়া হচ্ছে। যেখানে বিদ্যুৎ নেই, সেখানে বিদ্যুৎ যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনবান্ধব, ধর্মবান্ধব সরকার। তিনি জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। তিনি এ অঞ্চলের মানুষকে ভালোবাসেন বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যপাঞ্জি ত্রিপুরা, ক্য সা প্রু, সিংইয়ংম্রো, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপসচিব (সদস্য বাস্তবায়ন) মো. হারুন উর রশিদ, ইউএনও আবুল মনসুর। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত।
আলোচনা সভা শেষে মন্ত্রী ৬০ শিক্ষার্থীর মাঝে ব্যাগ, খাতা-কলম ও পানির বোতল বিতরণ করেন। এছাড়া ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রীও বিতরণ করেন।
