কুলাউড়া সয়লাব অনলাইন জুয়ায়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৮ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ায় আশঙ্কাজনক ভাবে ছড়িয়ে পড়ছে ভার্চুয়াল (অনলাইন) জুয়া। এতে আসক্ত হয়ে পড়ছে পাড়া-মহল্লার শিশু থেকে শুরু করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা।

জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় প্রসার ঘটেছে এই জুয়ার। এলাকার বিভিন্ন নিভৃত অংশে জটলা করে প্রকাশ্যে জুয়া খেলতে দেখা যায় তাদের। জুয়াড়িদের অনেকে আবার বিভিন্ন মাদকেও আসক্ত। তাই অনলাইন জুয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মাদকসেবীর সংখ্যাও। এদের ব্যবহার করে একটি চক্র প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। সেই সঙ্গে ভার্চুয়াল এই জুয়াকে কেন্দ্র করে উপজেলা শহর থেকে শুরু করে বিভিন্ন পাড়া-মহল্লায় গড়ে উঠেছে একাধিক কিশোর গ্যাং। তারা জুয়ার টাকা জোগাড় করতে জড়িয়ে পড়ছে মাদক বেচাকেনাসহ নানা অপরাধমূলক কাজের সঙ্গেও।

জুয়ায় আসক্ত কয়েকজন শিশু-কিশোর ও তরুণ জানায়, অনলাইনভিত্তিক জুয়া মূলত এক ধরনের লটারি। অর্থাৎ যারা এই জুয়া খেলে তারা বিভিন্ন প্রকার লটারির টিকিট তৈরি করে। এই টিকিটগুলোতে বিভিন্ন প্রকার নম্বর থাকে, যেগুলোর ওপর বাজি ধরতে হয়। নম্বরের সঙ্গে মিলে গেলে টাকা বিকাশ বা ব্যাংকের মাধ্যমে পাঠাতে ও তুলতে হয়।

তারা জানান, তাদের বেশিরভাগ ক্রেতা বা ‘খেলোয়াড়’ দেশের বাইরের। তাই জুয়ায় অংশ নিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মেসেঞ্জারসহ বিভিন্ন মাধ্যমকে তারা বেছে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, প্রতিদিন সকাল হলেই মোবাইল নিয়ে এলাকায় জটলা করতে দেখা যায় পাড়ার বিভিন্ন বয়সী ছেলেদের। প্রথম প্রথম কিছু বুঝতে পারিনি। পরে শুনেছি তারা মোবাইলে জুয়া খেলছে। মহল্লার মানুষ তাদের কিছু বলতে ভয় পায়, কারণ তারা সংগঠিত। কেউ কিছু বললে সংগঠিত হয়ে তাকে হেনস্তা করতে ছাড়ে না।

কুলাউড়া থানার ওসি আবদুছ ছালেক দেশ রূপান্তরকে বলেন, অনলাইন জুয়ার ব্যাপক বিস্তার ঘটেছে। আমরা এর বিরুদ্ধে অভিযানে নামছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত