পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া গ্রামে পূর্বশত্রুতার জের ধরে সাখাওয়াত আলী হাওলাদার (৫২) ও তার ছেলে নবীন হাওলাদারকে (১৬) কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গতকাল বুধবার দুপুরে দাউদপুর বাজারে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে দাউদপুর বাজারে সাখাওয়াত আলী হাওলাদার ও তার ছেলে নবীন হাওলাদার দোকানে বসা ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জের ধরে একই বাড়ির জামাল হাওলাদারের ছেলে সামিউল হাওলাদার কয়েকজনকে সঙ্গে নিয়ে সাখাওয়াত আলী ও নবীন হাওলাদারকেও কুপিয়ে জখম করে। পরে স্থানীরা আহতদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি দেখে চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
