মাগুরায় গ্রামবাসীদের সংঘর্ষে আহত ৩০

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০১:০০ এএম

মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের ছোনগাছা গ্রামে গতকার শনিবার সকালে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ছোনগাছা গ্রামের চাঁদ আলী মেম্বার ও তার প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে শনিবার সকালে হাবিব পক্ষের শাওন ইসলাম শান্ত (১২) ও স্বাধীন মন্ডল (১৩) নামের দুই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার সময় চাঁদ আলী মেম্বার পক্ষের শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হাবিব পক্ষের সমর্থকরা চাঁদ আলী পক্ষের সমর্থদের ওপর হামলা চালায়। দুই পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অন্তত ৩০ জন আহত হয়।

আহতদের মধ্যে আশরাফুল, খলিল সর্দার, মিলন সর্দার, আক্কাচ, মনিরুল শেখ, জুয়েল শেখ, রুহুল মন্ডল, শের আলী মন্ডল, নুরুল মন্ডল, তাইজো মন্ডল, রেজাউল মন্ডল, শাহীনুর মন্ডল, পান্নু শেখ, শাওন ইসলাম শান্ত, স্বাধীন মন্ডলকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  শ্রীপুর থানার ওসি প্রিটন সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। এলাকায় উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত