সাফ ফুটবল জয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দিতে যাচ্ছে রূপায়ণ গ্রুপ। ২৮ সেপ্টেম্বর বিকেলে দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সবচেয়ে বড় প্রজেক্ট দেশের একমাত্র স্যাটেলাইট শহর ‘রূপায়ণ সিটি উত্তরা’য় দেওয়া হবে এই সংবর্ধনা। রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল উপস্থিত থেকে নারী ফুটবলারদের হাতে ২৫ লাখ টাকার অর্থ পুরস্কার তুলে দেবেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল ও তাদের পরিবারবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। নেপালে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ে নারী ফুটবল দল। প্রথমবারের মতো নারী সাফ ফুটবল চ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস গড়ে ২১ সেপ্টেম্বর দেশে ফেরে তারা। ছাদখোলা বাসে জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন অভিজ্ঞতা হয় যুব পর্যায়ে থেকে ভালো করে আসা এই ফুটবলারদের। এরপর থেকে ভালোবাসা-সংবর্ধনা ও পুরস্কারের সুখবর পেয়েই যাচ্ছেন সাবিনা-সানজিদারা। এবার তালিকায় যোগ হলো রূপায়ণ গ্রুপ। এ ব্যাপারে গ্রুপের উপদেষ্টা ও সাবেক ফুটবলার আব্দুল গাফফার জানান, ‘আগামী ২৮ তারিখ রূপায়ণ সিটি উত্তরাতে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। ওদের (নারী ফুটবলার) ২৫ লাখ টাকা দেওয়া হবে। পুরো দলকে রূপায়ণ গ্রুপের পক্ষ থেকেই গাড়িযোগে নিয়ে আসা হবে। আমি ইতিমধ্যে ৩৪ জনের তালিকা দিয়েছি। সময়স্বল্পতার কারণে বড় পরিসরে অনুষ্ঠান করছি না। বিকেল ৫টা থেকে ৬টার মধ্যেই কার্যক্রম শেষ করা হবে। অনুষ্ঠানে রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ওনাদের পরিবার উপস্থিত থাকবে এবং চেয়ারম্যান ফুটবলারদের অর্থ পুরস্কার দেবেন।’
আরও আগেই ফুটবলারদের রূপায়ণ গ্রুপ সংবর্ধনা দিতে চেয়েছিল বলে জানান আব্দুল গাফফার। তিনি বলেন, সাফজয়ী ফুটবলারদের ব্যস্ততার জন্য সময় পাওয়া যাচ্ছিল না। তার ওপর ২৭ তারিখের মধ্যেই সবার নিজ নিজ বাড়িতে ফেরার সূচিও ঠিক করা ছিল। তবে বাফুফে রূপায়ণ গ্রুপের প্রতি সম্মান দেখিয়ে ফুটবলারদের বাড়ি ফেরা একদিন পিছিয়ে দেয়।
