কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের চরবালুয়া গ্রামে একটি খামারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে খামারে থাকা অন্তত ৩২টি ভেড়া পুড়ে ছাই হয়ে গেছে। পেট্রল ঢেলে খামারটিতে অগ্নিসংযোগ করা হয় বলে দাবি ক্ষতিগ্রস্তদের। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে জামশেদের খামারে আগুন জ¦লতে দেখে বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু আগুন নিয়ন্ত্রণের আগেই পুরো খামার এবং খামারে থাকা ৩২টি ভেড়া পুড়ে মারা যায়।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক জামশেদ জানান, স্থানীয় আবদুল হামিদ মিস্ত্রি নামের এক ব্যক্তির সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে খামারে কেউ না থাকার সুযোগে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, ‘হামিদ মিস্ত্রিকে আমার পরিবারের লোকজন দেখেছে।’
অভিযোগের বিষয়ে জানতে আবদুল হামিদ মিস্ত্রির ব্যবহৃত মোবাইলে একাধিক বার চেষ্টা করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।
