অর্থনৈতিক সংকটে ধুঁকছিল পাকিস্তান, এর মধ্যেই দেখা দেয় দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়ানক বন্যা। এই পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। দেশের বাইরে থাকা অবস্থায় নিজের পদত্যাগের কথা জানালেন তিনি। এই নিয়ে গত চার বছরে দেশটির পাঁচ অর্থমন্ত্রী পদত্যাগ করলেন। নতুন অর্থমন্ত্রী হিসেবে দলীয় প্রধান নওয়াজ শরিফের অনুমোদন পেয়েছেন ইসহাক দার।
মিফতাহ ইসমাইল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখান থেকে আগামী সপ্তাহের শুরুতে নতুন অর্থমন্ত্রীসহ দেশে ফিরবেন শাহবাজ।
গতকাল সোমবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, গত রবিবারই মিফতাহ মৌখিকভাবে পদত্যাগের কথা জানান, ওইদিন বিদেশের মাটিতে নিজ দল পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) বা পিএমএলের (এন) জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন। পিএমএলের এক বিবৃতিতেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে হঠাৎ কেন অর্থমন্ত্রীর পদত্যাগ বিবৃতিতে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। যদিও ডন বলছে, কয়েক মাস ধরেই কানাঘুষা চলছিল সদ্য সাবেক অর্থমন্ত্রীর কিছু সিদ্ধান্তে নাখোশ ছিলেন দলীয় প্রধান নওয়াজ শরিফ ও ইসহাক দার।
পাকিস্তানের অর্থনীতি ক্রমাগতভাবে অস্থির সময় পার করছে। দেশটিতে চলতি হিসাবের ঘাটতি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি পরিবার ও ব্যবসা উভয়ের ওপরই চাপ সৃষ্টি করেছে। এছাড়া সাম্প্রতিক বিধ্বংসী বন্যা আগে থেকেই বিদ্যমান অর্থনৈতিক সংকটকে চরম মাত্রায় বাড়িয়ে দিয়েছে। বন্যায় পাকিস্তানের আনুমানিক ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে এবং দেড় হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দিকে তাকিয়ে আছে পাকিস্তান।
