কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের উত্তর দুরাকুটি ডাকঘরপাড়া গ্রামে বিরোধপূর্ণ জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও নারীসহ ১০ জন আহত হয়। গতকাল মঙ্গলবার দুপুরের এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায় বিরোধপূর্ণ ৩ একর ২৯ শতক জমির মালিকানাকে কেন্দ্র করে গ্রামের আহসান আলীর ছেলে আবদুর রহমান (৬২) তার দলবল নিয়ে একই এলাকার জোফেল উদ্দিনের ছেলে আজিজুল ইসলামের (৭০) ওপর আক্রমণ চালায়। এ সময় তিনি আহত হলে তাকে মুমূর্ষূ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সংঘর্ষে আহতরা হলেন বাহাগিলি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য সুমি বেগম (২৫) ও তার স্বামী আইনুল হক (৩৬), একই এলাকার আজিকুল (৩৬), মহির উদ্দিন (৮০), খতিব উদ্দিন (৪৫), রোসনা বেগম (৪৫), আসাদুল (৫০), কবির মামুদ (২০), হারুন (৩০) ও সাইফুল (২০)। আহতদের গুরুতর অবস্থায় প্রথমে কিশোরগঞ্জ হাপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সংঘর্ষের সঙ্গে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে বাজেডুমরিয়া গ্রামের আনন্দ (২৫) নামে একজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
