ইডেন কলেজ ছাত্রলীগ

সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮ এএম

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূরের আদালতে ইডেন মহিলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন নুঝাত ফারিয়া রোকসানা, মিম ইসলাম, নূর জাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে লালবাগ থানা পুলিশকে আগামী ২৩ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়।

মামলার আর্জিতে বলা হয়, গত ২৪ সেপ্টেম্বর রাত ১০টার সময় ইডেন ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নির্দেশে আসামি আনিকা তাবাসুম স্বর্ণাসহ অজ্ঞাত ৩-৪ জন দেশীয় অস্ত্রসহ বাদী জান্নাতুল ফেরদৌসের রুমে অনধিকার প্রবেশ করে অশালীন ভাষায় গালিগালাজ করে তাকে খুঁজতে থাকে। কিন্তু ওই সময় তাকে না পেয়ে তার আসবাবপত্র ভাঙচুর করে এবং তার ওয়ারড্রবে থাকা চিকিৎসার ২০ হাজার টাকা ও ব্যবহৃত ল্যাপটপ (মূল্য ৩৪ হাজার টাকা) চুরি করে নিয়ে যায়।

খবর পেয়ে বাদী রুমে আসার পথে আয়শা হলের সামনে রিভা-রাজিয়াসহ ৮ আসামি তাকে ঘিরে ধরে। তারপর চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে ২ নম্বর গেটের গেস্ট রুমের পাশে নিয়ে আসে। এরপর সাংবাদিকের কাছে আসামিদের কুকর্মের কথা বলার কারণ জিজ্ঞাসা করে তাকে গালিগালাজসহ এলোপাতাড়ি কিলঘুষি লাথি মেরে রক্তাক্ত জখম করে। রিভা তার হাতে থাকা হকিস্টিক দিয়ে তাকে আঘাত করে।

রাজিয়াসহ বাকি আসামিরা তার ওড়না খুলে নিয়ে শ্বাসরোধে হত্যার উদ্দেশ্যে গলায় পেঁচিয়ে দুদিক থেকে টান দেয়। জান্নাতুল মাটিতে লুটিয়ে পড়লে মৃত ভেবে আসামিরা তাকে ছেড়ে যায়। পরে তার হাত থেকে ২০ হাজার টাকার রিয়েলমি ৭ প্রো, গলায় থাকা ৩৫ হাজার টাকার স্বর্ণের চেনসহ তার বোনের কাছ থেকে ১৮ হাজার টাকার রেডমি নোট ৭ ফোন নিয়ে নেয়। পরে ক্যাম্পাস না ছাড়লে তার জীবন শেষ করে দেবে বলে আসামিরা হুমকি দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত