উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন বলেছে, চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানের বিরুদ্ধে উন্নয়ন বিরোধী স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র সফল হয়নি। তিনি আরো অনেক দূর এগিয়ে যাবেন’।
তাদের পক্ষ থেকে বলা হয়, সবার সম্মিলিত উদ্যোগে ডিসির বিরুদ্ধে অপপ্রচারকারী স্বার্থান্বেষী মহল ও চিহ্নিত ভূমিদস্যুদের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বলেন চট্টগ্রাম বিভাগের সভাপতি ও রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।
চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এহেছানুল হায়দার চৌধুরী বাবুল বলেন, চট্টগ্রামে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি চিহ্নিত মহল ও ভূমিদস্যু দল ডিসির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে। চট্টগ্রামবাসীর স্বার্থে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নানা সাহসী পদক্ষেপের কারণে সংঘবদ্ধ একটি প্রভাবশালী ও বিভিন্ন অবৈধ কাজে জড়িত চক্র তার প্রতি রুষ্ট। সম্প্রতি জঙ্গল সলিমপুরে তিন হাজার এক শ একর সরকারি খাসজমি উদ্ধারে তার ভূমিকা দৃশ্যমান।
তিনি বলেন, গত ১৫ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর মূলত মুসলিম ধর্মীয় বিধান মেনে মোনাজাতে শামিল হয়েছিলেন জেলা প্রশাসক ও তৎকালীন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান। মোনাজাত পরিচালনাকারীর বক্তব্যের সঙ্গে জেলা প্রশাসক কোনো ভাবে সম্পৃক্ত নন। মোনাজাতে তিনি একটি শব্দও উচ্চারণ করেননি।
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর বিজয় কামনা করে ১৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জেলা প্রশাসক দলীয় নেতাদের সঙ্গে মোনাজাতে অংশ নেন। সেই মোনাজাতে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে দোয়া চাওয়া হয়।
সংবাদমাধ্যমের খবর তখন ডিসি বলেছিলেন, আমি মনে করি, বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা স্বাধীনতার সপক্ষের শক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যদি থাকে, তাহলে আমাদের দেশে আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, জামায়াত বলি- সবাই নিরাপদ থাকবে। আমি মনে করি, বিএনপি-জামায়াতেরও এখন দোয়া করা উচিত শেখ হাসিনা যেন আবার ক্ষমতায় আসেন।
এরপর ১৮ সেপ্টেম্বর পক্ষপাতমূলক আচরণের অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমানকে রিটার্নিং কর্মকর্তার পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানদের মধ্যে আনোয়ারার তৌহিদুল হক চৌধুরী, ফটিকছড়ির হোসাইন মো. আবু তৈয়ব, পটিয়ার মোতাহেরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
