ঢাকার ধামরাইয়ে মাদক কারবারিদের বিরুদ্ধে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে অভিযুক্ত দুই মাদক কারবারির বাবা আবেদ আলী ছেলেদের শাস্তি দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার যাদবপুর ইউনিয়নের গোমগ্রাম বাজারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় সেলিম, আতাউর, খোকন, মালেক ও খালেক নামে কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে গোমগ্রাম এলাকায় মাদকের কারবার করে আসছে।
মানববন্ধনে অংশ নিয়ে ছেলেদের শাস্তি দাবি করে আবেদ আলী বলেন, আমার দুই ছেলে আতাউর ও খোকন মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা আমার কোনো কথা মানে না এবং আমি তাদের সঙ্গে পারি না। তাই আইনের সাহায্য নিয়ে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি। এলাকাবাসী মাদক কারবারিদের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তাদের শাস্তি দাবি করছি।
বাজার কমিটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পলাশ বলেন, ‘আমরা ব্যবসা করে সন্ধ্যার পর নগদ টাকা নিয়ে বাড়িতে যেতে পারি না।’
গোমগ্রাম বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন বলেন, মাদকের কারণে গোমগ্রাম বাজারে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে। রাতে মানুষ বাইরে যেতে পারে না।
