সাফজয়ী তিন ফুটবল কন্যাকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৩ পিএম

সাফজয়ী তিন ফুটবল কন্যাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করল খাগড়াছড়িবাসী। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে আনাই মগিনী, আনুচিং মগিনী, মনিকা চাকমা ও সহকারী কোচ তুষ্ণা চাকমাকে ঠাকুরছড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফুল দিয়ে বরণ করেন তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা। এরপর তাদেরকে সুসজ্জিত ছাদ খোলা গাড়িতে করে শহরের চেঙ্গী স্কোয়ার হয়ে শাপলা চত্ত্বর, কোর্ট বিল্ডিং, পান খাইয়া ঘুরে স্টেডিয়ামে এনে সংবর্ধনা প্রদান করা হয়। 

এর আগে, সকালে আনাই মগিনী, আনুচিং মগিনী, মনিকা চাকমা রাঙ্গামাটি থেকে পৌঁছান খাগড়াছড়িতে। সংর্বধনা অনুষ্ঠানে তিন খেলোয়ার ও সহকারী কোচকে প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট ও প্রতিজনকে এক লাখ করে মোট চার লাখ টাকার চেক তাদের হাতে তুলে দেওয়া হয়। 

অনুষ্ঠানে কোচ তৃষ্ণা চাকমা ও খেলোয়ার মনিকা চাকমা বলেন, খাগড়াছড়িতে খেলোয়ারদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত মাঠ ও সুযোগ সুবিধা নেই। তারা দাবি করেন খেলোয়াররা ভালো সুযোগ সুবিধা পেলে তাদের মতো আরও খেলোয়ার গড়ে উঠবে। তারাও চান তাদের মতো আরও খেলোয়ার গড়ে উঠুক এবং দেশের সুনাম বয়ে আনুক। 

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, পুলিশ সুপার নাইমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আবু সাঈদ, জেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষে শতরূপা চাকমা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা। 

এদিকে বিকেলে খাগড়াছড়ি পুলিশ লাইন্স মঠে খাগড়াছড়ি পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তাদের সংবর্ধনা দেওয়া হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত