আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাটবাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের জাহাঙ্গীর মিস্ত্রি ও আলী আকবর শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে ওই ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের বিপ্লবের নেতৃত্বে জাহাঙ্গীর মিস্ত্রির সমর্থক রবিউল ইসলাম, আবু তালেব, মিরাজুল ইসলাম, আরিফুল ইসলামসহ ২০-২৫ জন আলী আকবর শেখের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়। এসময় তারা ওই গ্রামের শওকত মুন্সী, বদিয়ার, নাসিরুল, মাসুদ শেখ, মামুন শেখের বাড়ি, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়। বর্তমানে বিপ্লবের লোকজনের ভয়ে এখনো অনেকেই বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। বাড়ির বাইরে থাকায় ও বিদ্যুতের মিটার ভেঙে দেওয়ায় ধানের জমিতে পানি দিতে পারছেন না তারা।
এ ব্যাপারে সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা জানান, ঘটনাটি শুনেছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
