নাটোরে উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবি

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৩:৩৫ এএম

নাটোরের নলডাঙ্গায় উপজেলা ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবন হত্যার প্রতিবাদে অভিযুক্ত উপজেলা চেয়ারম্যান আসাদকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে নাটোর  প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অভিযুক্ত আসাদ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন। আসাদকে গ্রেপ্তারের পর দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিও জানানো হয়। এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফিরোজ, যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়া, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক  নেতা তৌহিদুর রহমান লিটন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নাটোরের নলডাঙ্গার রামসা কাজীপুর গ্রামে ছাত্রলীগ নেতা জামিউল ইসলাম জীবনকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে ২৩ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত