মেট্রোরেলের দ্বাদশ চালানে ৮টি কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি ভেনাস ট্রাম্প।
শনিবার (১ অক্টোবর) বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজে মেট্রোরেলের মেশিনারিসহ একটি পাওয়ার প্লান্টেরও মেশিনারি পণ্যও রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা জানান, ৮টি রেলওয়ে কোচ ও ৪টি ইঞ্জিন নিয়ে গত ৮ সেপ্টেম্বর জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এমভি ভেনাস ট্রাম্প। পথিমধ্যে কোরিয়ার মারসান বন্দর থেকে একটি পাওয়ার প্লান্টের মেশিনারি পণ্য নিয়ে আসে জাহাজটি। মেট্রোরেলের কোচ ও ইঞ্জিনের পাশাপাশি ৪৪০ মেট্টিক টন ওজনের মেশিনারি ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেডের ৩৬৭ মেট্টিক টন ওজনের ৭৫ প্যাকেজ মেশিনারি পণ্য নিয়ে ভেনাস ট্রাম্প শনিবার বিকেল ৫টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে।
ভেনাস ট্রাম্পের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, জাহাজটিতে আসা কোচ ও ইঞ্জিন রোববার সকাল ৭টা থেকে খালাস শুরু হবে। খালাসের সঙ্গে সঙ্গেই তা বার্জে (নৌযান) করে নৌপথে ঢাকার উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেলের ডিপোতে নেয়া হবে।
তিনি আরও বলেন, জাহাজটিতে ঢাকার পাওয়ার গ্রিড কোম্পানী লিমিটেডের যে বৈদ্যুতিক মেশিনারি পণ্য এসেছে তা সন্ধ্যা ৬টা থেকে খালাস শুরু হয়েছে। এগুলো নদীপথে ঢাকায় নেওয়া হবে।
ওয়াহিদুজ্জামান জানান, এ পর্যন্ত ৭৮টি কোচ ও ৩৮টি ইঞ্জিন এসেছে মেট্রোরেলের। বাকি ২৮টি কোচ ও ইঞ্জিন ধারাবাহিকভাবেই মোংলা বন্দর দিয়ে আমদানি, খালাস ও পরিবহন হবে বলেও জানান তিনি।
