গাজীপুরে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৪:২২ পিএম

গাজীপুর মহানগরীর টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত এবং বরুদা এলাকার থেকে চোরাইকৃত মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডাকাতদের কাছ থেকে একটি ছোরা, একটি চাকু, ২টি চাইনিজ কুড়াল ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

শনিবার দিবাগত রাতে কামারপাড়া রোডে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

অপরদিকে গাজীপুর মহানগরীর জয়দেবপুর এলাকার বরুদা ঢাল সাকিনস্থ চেয়ারম্যান বাড়ির সামনে থেকে চোরাই মোটরসাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন সদর থানা-পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- নোয়াখালী জেলার সেনবাগ থানার টাঙ্কিরহাট গ্রামের বাহার মিয়ার ছেলে ফেরদৌস (২২), গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানার সাতাইশ মাটিয়াপাড়া এলাকার বাসিরের ছেলে আনোয়ার হোসেন ওরফে টুটুল (২১), এলাকার সাতাইশ শরীফ মার্কেট এলাকার মৃত কামাল হোসেনের ছেলে মোহাম্মদ মিন্টু মিয়া (২১), গাজীপুরা পশ্চিমপাড়া এলাকার মো. ইমরানের ছেলে তন্ময় আহমেদ তনু (১৯), খরতৈল বড় মসজিদ এলাকার কাজল খন্দকারের ছেলে সিয়াম (১৯)।

চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার আসমাউল রাহাদ জিসান (১৭) গাজীপুর মহানগরীর জয়দেবপুরের পশ্চিম বিলাসপুর শহীদ নিয়ামত সড়ক কলাবাগান এলাকার মাহাবুব হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন জানান, গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানা-পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কামারপাড়া রোড সংলগ্ন অলিম্পিয়া স্কুল মাঠের পশ্চিম পাশের বাউন্ডারি দেয়াল সংলগ্ন স্থানে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ওই স্থানে অভিযান পরিচালনা করে একটি ছোরা, একটি চাকু, দুটি চাইনিজ কুড়াল ও একটি স্টিলের পাইপসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার পশ্চিম জয়দেবপুরের বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে বরুদা ঢাল চেয়ারম্যানের বাসার সামনে রাস্তার উপরে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ জিসানকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়ও গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত