ফিলিস্তিনে ৭ বছরে সর্বোচ্চ প্রাণহানি

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১:৩০ পিএম

দখল করা অঞ্চলে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনিদের মৃত্যুর খবর নিয়মিতই প্রকাশিত হয় বিশ্ব গণমাধ্যমে। ঢিল ছোড়ার দায়ে গুলি করে মানুষ হত্যার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটে পশ্চিম তীরের জেনিন, নাবলুস কিংবা গাজা, পূর্ব জেরুসালেমে। তবে এ বছর ইসরায়েলিদের দখলের মাত্রা বৃদ্ধির সঙ্গে বেড়েছে ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যাও।

২০২২ সালে এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে অন্তত ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে। গত সপ্তাহে জেনিনে একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলের ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে বন্দুকধারীসহ চারজন নিহত এবং গত শনিবার পূর্ব জেরুসালেমে ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার পর নিহতের সংখ্যা তিন অঙ্কের ঘরে পৌঁছায়।

নিহতের এ সংখ্যা বলছে, ২০১৫ সালের পর পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য ২০২২ই সবচেয়ে প্রাণঘাতী বছর হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন, ইসরায়েলের সংবামাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, গত সাত বছরের মধ্যে এ বছর এই কয়েক মাসেই সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে ফিলিস্তিনিরা। প্রতিবেদনগুলোতে বলা হয়, নিজেদের ওপর এ চলমান সহিংসতা ফিলিস্তিনিদের তৃতীয় ইনতিফাদা বা সশস্ত্র প্রতিরোধের দিকে যেতে বাধ্য করছে। আর এ আশঙ্কা সত্যি হলে ফিলিস্তিন না জিতলেও ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জন্য ফায়দা হবে বলে মনে করেন ফিলিস্তিনি কর্র্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ।   

এ বছর নিহত ফিলিস্তিনিদের মধ্যে অধিকাংশেরই প্রাণ গেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে। সশস্ত্র বেসামরিক ইসরায়েলিদের হামলায়ও একাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে প্রায় এক-পঞ্চমাংশই শিশু হওয়ায় বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবারই উদ্বেগ প্রকাশ ও সতর্ক করে আসছে। নিহতদের মধ্যে সবচেয়ে কমবয়সী ফিলিস্তিনির বয়স ১৪।

বিবিসি জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে যে ফিলিস্তিনিরা নিহত হয়েছে তাদের মধ্যে বিভিন্ন সশস্ত্র সংগঠনের সদস্যদের পাশাপাশি ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্যে পাথর ও পেট্রলবোমা ছোড়া তরুণ ও কিশোররা, নিরস্ত্র বেসামরিক ও পথচারী, বিক্ষোভকারী ও ইসরায়েলিদের বসতি স্থাপনবিরোধী কর্মী এবং ছুরি বা অন্যান্য অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনা বা বেসামরিকের ওপর হামলা চালিয়েছে এমন সন্দেহভাজন রয়েছে।

গত কয়েক বছরের মধ্যে ২০২২ সালে ইসরায়েলিদের ওপর হামলার পরিমাণও বেড়েছে। এবার মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে ১৬ ইসরায়েলি ও ২ বিদেশির মৃত্যু হয়েছে। এদিকে এ বছর ফিলিস্তিনি-আমেরিকান সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ পরিস্থিতিতে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা পশ্চিম তীরের উত্তরে নিরাপত্তাব্যবস্থা ভেঙে পড়ার দায় একে অন্যকে দিচ্ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত