বগুড়া, মুন্সীগঞ্জ ও চুয়াডাঙ্গায় পৃথক ঘটনায় তিনজন খুন হয়েছেন। এ ছাড়া কিশোরগঞ্জে এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত সময়ে ঘটনাগুলো ঘটে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
বগুড়া : বগুড়া সদরে জুয়া খেলাকে কেন্দ্র করে মারপিটে গোপাল চন্দ্র দাস (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গত শনিবার রাত ২টার দিকে উপজেলার শেখেরকোলার তেলিহারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোপাল ওই এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ১টার দিকে বিপ্লব, গোপালসহ চার-পাঁচজন মিলে জুয়া খেলছিল। খেলার একপর্যায়ে গোপালের সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় বিপ্লব রেগে গিয়ে গোপালের বুকে লাথি মারে। তখন সাময়িক মীমাংসা করে তারা খেলা শেষে যার যার বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর গোপাল বুকে ব্যথা অনুভব করে এবং পরিবারের সবাইকে জানায় জুয়া খেলার সময় বিপ্লব তাকে বুকে লাথি মেরেছে। পরে গোপালকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের শ্রীনগরের লস্করপুর গ্রামে ছুরি মেরে শরীফ ঢালি (২৩) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। গত শনিবার রাতে ওই গ্রামের নতুন রাস্তার বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত শরীফ ওই গ্রামের তৈয়ব ঢালির ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শরীফ ঝাল মুড়ি বিক্রি করতেন। শনিবার সন্ধ্যায় লস্করপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে মো. জান্নাত (২৪) ঝালমুড়ি খেয়ে টাকা না দিয়েই চলে যায়। এতে শরীফ তার বাড়িওয়ালা স্থানীয় ইউপি সদস্য হারুন-অর-রশীদের কাছে বিচার চায়। পরে রাত ৮টার দিকে ইউপি সদস্য হারুন ঘটনাটি জানতে জান্নাতকে ডেকে আনেন। এ সময় ক্ষিপ্ত হয়ে জান্নাত ছুরি দিয়ে ইউপি সদস্যকে আঘাত করতে গেলে পাশে থাকা শরীফ ঢালি ছুরিকাহত হয়। পরে স্থানীয়রা তাকে লস্করপুর হেনা আহমেদ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদায় সব্বত আলী নামে (৮৫) এক বৃদ্ধকে শ্বাসরোধ ও ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল দুপুরে উপজেলার রামনগর গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সব্বত আলী ওই গ্রামের মৃত বসির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন তার পুত্রবধূ। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের গলা, পা ও পেটে আঘাতের চিহ্ন আছে।’
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের টানপুটিয়া এলাকার একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার হয়। নিহত আবুল কাসেম বজলু ওই ইউনিয়নের মিরদী গ্রামের মৃত আবদুল জব্বারের ছেলে। তিন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
বুরুদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য রায়হান ভূঞা বলেন, ‘নিহত ইউপি সদস্যের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’