মেহেরপুর-কুষ্টিয়া রুট

মালিক-শ্রমিক দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১২:৪৮ এএম

ঢাকাগামী বাসে পথে যাত্রী তোলাকে কেন্দ্র করে মালিক-শ্রমিক দ্বন্দ্বে মেহেরপুর-কুষ্টিয়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকা নিয়ে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে।

মেহেরপুর বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ বলেন, ‘শনিবার রাতের ঢাকাগামী কোচ শ্যামলী পরিবহনে চড়ে ৭-৮ জন বাস শ্রমিক কুষ্টিয়া যাচ্ছিল। পথে কুষ্টিয়া মালিকপক্ষের চেকপোস্ট থেকে লোকজন এসে তাদের ওপর চড়াও হয়। বাস শ্রমিক পরিচয় দেওয়ার পরও তাদের ওই বাস থেকে টেনেহিঁচড়ে নামিয়ে দেওয়া হয়। এ সময় শ্রমিকরাও মালিকপক্ষের লোকজনের ওপর চড়াও হয়।’

মেহেরপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, ‘মাঝরাস্তা থেকে ঢাকাগামী কোনো পরিবহনে যাত্রী নেওয়া নিষেধ। কিন্তু শ্যামলী পরিবহন পথে ওই যাত্রীদের তুললে কুষ্টিয়া খলিষাকু- সড়কে মালিকপক্ষের চেকপোস্ট গাড়ি থামিয়ে তাদের নামিয়ে দেওয়ার চেষ্টা করে। ওই সময় শ্রমিক পরিচয়ধারী যাত্রীরা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। এ নিয়ে কথা-কাটাকাটি হলে শ্রমিকরা মালিকপক্ষের প্রতিনিধিদের ওপর চড়াও হয়। এরপর কোনো ধরনের আলোচনা ছাড়াই উল্টো শ্রমিক পক্ষ দুই জেলার বাস চলাচল বন্ধ করে দেয়।’

এদিকে আকস্মিক বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন মেহেরপুর থেকে কুষ্টিয়াসহ উত্তরাঞ্চলগামী যাত্রীরা।

মেহেরপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা বলেন, ‘বাস চলাচল বন্ধের বিষয়ে আমি কিছু জানি না। সাধারণ সম্পাদক মতিয়ার সব জানে। সে বলতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত