সাত বন্দির বিনিময়ে মুক্ত ভেনেজুয়েলার ফার্স্ট লেডির স্বজন

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০২:১২ এএম

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দুই আত্মীয়ের বিনিময়ে কারাগারে থাকা যুক্তরাষ্ট্রের সাত নাগরিককে মুক্তি দিয়েছে ভেনেজুয়েলা। ছাড়া পাওয়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে তেল কোম্পানির ৫ নির্বাহীও আছেন। গতকাল রবিবার বিবিসি দুই দেশের বরাতে বন্দি বিনিময়ের এ খবর জানিয়েছে।

ভেনেজুয়েলা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে ‘অন্যায়ভাবে আটক’ দুই নাগরিক মুক্তি পেয়েছেন এবং মানবিক কারণে কারাকাস যুক্তরাষ্ট্রের সাত নাগরিককে ছেড়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিবিসিকে জানান, তাদের দেশের ছাড়া পাওয়া নাগরিকদের মধ্যে ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্রভিত্তিক তেল কোম্পানি সিটগোর পাঁচ নির্বাহী। তারা হলেনÑ টোমিউ ভাডেল, হোসে লুইস জামব্রানো, আলিরিও জামব্রানো, জর্জ টোলেডো ও হোসে পেরেইরা। বিবিসি জানাচ্ছে, কারাকাসে একটি বৈঠকে ডেকে পাঠানোর পর সন্ত্রাসবাদের অভিযোগ এনে ৫ বছর আগে জেলে পাঠানো হয়েছিল তাদের। ছাড়া পাওয়া অন্য দুজন হচ্ছেনÑ সাবেক মেরিন সেনা ম্যাথিউ হিথ ও ওসমান খান নামের আরেক আমেরিকান। এ ৭ জনের বিনিময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভেনেজুয়েলার ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের দুই আত্মীয় ফ্রাঙ্কু ফ্লোরেস ও এফ্রেইন আন্তোনিও কাম্পো ফ্লোরেসকে ছেড়ে দিতে রাজি হন। ২০১৫ সালে হাইতিতে এ দুজনকে আটক করে নিউ ইয়র্কে নিয়ে আসা হয়, পরে তারা মাদক মামলায় দোষী সাব্যস্ত হন। বিবিসি জানিয়েছে, তৃতীয় একটি দেশের বিমানবন্দরে দুই পক্ষের মধ্যে বন্দি বিনিময় সম্পন্ন হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত