নারায়ণগঞ্জে ভরণপোষণ না দেওয়ায় ছেলে ও ছেলের স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন মনোয়ারা বেগম (৫৩) নামে এক নারী। গতকাল সোমবার দুপুরে ওই নারী তার ছেলে মো. মহসীন (৩০) ও ছেলের স্ত্রী সোনিয়া বেগমের (২৭) বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মনোয়ারা বেগম চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার রফিকুল ইসলামের স্ত্রী।
মনোয়ারা বেগম জানান, প্রায় সাত বছর আগে তার বাসচালক স্বামী নিখোঁজ হন। তার ছেলে বউ নিয়ে ফতুল্লা মডেল থানার রামারবাগ কাঠেরপুল এলাকায় ভাড়া থাকে। ছেলে টেইলারিংয়ের কাজ করে এবং ছেলের স্ত্রী গার্মেন্টসে চাকরি করে। দুই বছর আগে তার ছেলের কাছে চলে আসেন। এখানে এসে একটি গার্মেন্টসে চাকরি করেন। গত দুই মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় ছেলের কাছে ভরণপোষণের দাবি করলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
ফতুল্লা মডেল থানার ওসি রেজাউল হক দীপু বলেন, ‘মায়ের ভরণপোষণ না দেওয়ায় ছেলে ও তার স্ত্রীর নামে মামলা হয়েছে। তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
