ফেনী বিএনপির ১৪ নেতাকর্মী কারাগারে

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১১:৫৫ পিএম

ফেনীতে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির প্রতিবাদ সমাবেশে ছাত্রলীগের হামলা ও পুলিশের গুলির ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে বিচারক। উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নিয়ে গতকাল সোমবার দুপুরে নেতাকর্মীরা নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে ফেনীর জেলা ও দায়রা জজ ইমরান সালেহ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক গোলাম জিলানী এ তথ্য নিশ্চিত করেন।

কারাগারে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছেন, ফেনী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম উদ্দিন মাস্টার, ফেনী পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাহিদুল ইসলাম শিমুলসহ ১৪ নেতাকর্মী।

গত ১২ আগস্ট ফেনী শহরে জেলা বিএনপির ওই প্রতিবাদ সমাবেশে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত