২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে প্রথম হয়েছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। ১০০ নম্বরের মধ্যে ৯৯ দশমিক ৪৭ পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
কৃষি বিশ্ববিদ্যালয় প্রথম হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাপ্ত নম্বর ৯৪ দশমিক ৪৮। ফলাফলের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। জবির প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ৭৫।
গত রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ অর্থবছরের এপিএ মূল্যায়নের ফল প্রকাশ করেছে।
মোট ছয়টি বিষয়ে ১০০ নম্বরের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে কৌশলগত উদ্দেশ্যসমূহের ক্ষেত্রে ৭০, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার ক্ষেত্রে ১০, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন পরিকল্পনায় ১০, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা পরিকল্পনায় ৪, সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনায় ৩ এবং তথ্য অধিকার কর্মপরিকল্পনায় ৩ নম্বর ধরা হয়েছে।
ফলাফল অনুযায়ী ৯০ দশমিক ৪৯ নম্বর নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। পঞ্চম অবস্থানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রাপ্ত নম্বর ৮৯ দশমিক ২২। ষষ্ঠ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, প্রাপ্ত নম্বর ৮৮ দশমিক ৯৫। ৮৭ দশমিক ৬৭ নম্বর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। নবম অবস্থানে রয়েছে যশোর ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দশম অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়।
