নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে কারণে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের রূপগঞ্জ উপজেলার অংশে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তির শিকার হয়েছেন যাত্রী সাধারণ। আটকা পড়েছে মালবাহী বিভিন্ন ধরনের যানবাহন।
মঙ্গলবার ভোরে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দুর্ঘটনা ঘটলে যানজটের সৃষ্টি হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের এটিএসআই নাজমুল হাসান জানান, ভোর সাড়ে ৫টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে গাজীপুরগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে ভুলতাগামী অপর একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় কাভার্ডভ্যানের দুই চালকই আহত হয়েছেন। সড়কের মাঝে দুর্ঘটনা হওয়ার কারণে উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ঘটনার পর থেকেই যানজটের ভয়াবহতা বাড়তে থাকে।
এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কের বস্তল এলাকা থেকে ৩০০ ফুট সড়ক ও জিন্দা এলাকা পর্যন্ত যানজটের দীর্ঘ হয়। এতে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট লেগে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ সকাল থেকেই গাড়ি সরানোর জন্য চেষ্টা চালাতে থাকে। বেলা সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ডভ্যান রেকার লাগিয়ে সরিয়ে নিতে সক্ষম হয় পুলিশ। পরে ধীরে ধীরে যানজট নিরসন হতে শুরু করে।
স্থানীয়রা জানান, এশিয়ান বাইপাস সড়ক অন্যতম ব্যস্ততম মহাসড়ক। এ সড়কটি দিয়ে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, খুলনা, কুড়িগ্রাম, গাজীপুর, মাগুরাসহ বিভিন্ন জেলার প্রতিদিন শত শত দূরপাল্লার মালবাহী ট্রাক, বাস ও অন্যান্য গণপরিবহন চলাচল করে। অবৈধ বাস স্ট্যান্ড, অবৈধ ফুটপাত চাঁদাবাজি, যত্রতত্র যাত্রী ওঠানো নামানো, নিয়ম ভঙ্গ করে গাড়ি চালকদের বিপরীত রুটে গাড়ি চলাচল, সড়ক প্রশস্ত কম হওয়া, সড়ক দুর্ঘটনা, সড়কে গাড়ি বিকল হওয়ায়, কাঞ্চন টোলপ্লাজায় ধীরগতিতে টোল আদায়সহ নানা কারণে প্রায় সময়ই যানজট সৃষ্টি হয়ে থাকে।
এছাড়া প্রয়োজনের তুলনায় এখানে পুলিশের সংখ্যা একেবারেই কম। অল্প কিছু পুলিশ সদস্য দিয়ে যানজট নিরসনের কাজ করানো হয়।
ইক্বরা মডেল স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বাইপাস সড়কযোগে আমাদের বেশ কিছু ছাত্র-ছাত্রী যাতায়াত করে। প্রায় সময়ই তারা যানজটের কবলে পড়ে সঠিক সময় স্কুলে আসতে পারে না। যাতে সব সময়ই যানজটমুক্ত থাকে সড়কটি সে ব্যাপারে প্রশাসনের পদক্ষেপ নেয়া দরকার।
গাউছিয়া মার্কেটের বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, প্রতি সোমবার ও মঙ্গলবার গাউছিয়া কাপড়ের বাজারের পাইকারি হাট। এ হাটে এই দুই দিন হাজার হাজার ব্যবসায়ী আসে বেচা-কেনা করতে। সকাল থেকে যানজট থাকার কারণে মঙ্গলবার ক্রেতা ছিল অনেকটা কম। ক্রেতাদের মধ্যে অনেকেই মোবাইল ফোনে জানিয়েছেন তারা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে যানজটে আটকা পড়েছেন।
