পাচারের সময় নৌকাডুবিতে তিন রোহিঙ্গা নারী নিহত

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ০৬:০৬ এএম

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালের দিকে উপকূল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সাগরে ডুবে যায় নৌকাটি। এ ঘটনায় তিন রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা করেছে কোস্টগার্ড। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৪৫ জন। উদ্ধার হওয়ারা জানান, নৌকাটিতে শতাধিক আরোহী ছিলেন।

টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ি তদন্তকেন্দ্রের পরিদর্শক নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালীর সাগর উপকূল থেকে ভেসে আসা তিনজন নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। জেলেদের দেওয়া তথ্যমতে আরও মৃতদেহ সাগরে ভাসছে। এর আগে সকাল থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় সাঁতরিয়ে কূলে ওঠা ৪৫ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের টেকনাফের বাহারছড়া আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার ভোররাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হলবনিয়াপাড়া এলাকার উপকূলবর্তী গভীর সাগরে নৌকাডুবির এ ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়াদের মধ্যে ৮ নারীসহ ৩৩ জন পুরুষ রোহিঙ্গা এবং অপর চারজন বাংলাদেশি। কোস্টগার্ডের এ কর্মকর্তা জানিয়েছেন, নৌকাটিতে কতজন ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধার লোকজনের দাবি, অনন্ত শতাধিক মালয়েশিয়াগামী ছিল।

উদ্ধার হওয়াদের মধ্যে কয়েকজন দেশ রূপান্তরকে জানিয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার শর্তে তাদের থেকে টাকা নেয় একটি চক্র। গতকাল তাদের নৌকায় তুলে গভীর সমুদ্রে জাহাজে তোলার আশ্বাস দেওয়া হয়। তবে ইঞ্জিনচালিত নৌকাটিতে অতিরিক্ত যাত্রী তোলায় সেটি সমুদ্রে ডুবে যায়। নৌকাটিতে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, বালুখালী, মধুরছড়া ক্যাম্প থেকে যাওয়া রোহিঙ্গারা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত