এক দিনে বছরের সর্বোচ্চ ৬৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০৫:১৭ এএম

দেশে গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পাতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬৩৭ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে; যা এ বছর এক দিনে সর্বোচ্চ। এ সময়ে কেউ মারা যায়নি। এর আগে গত ১ অক্টোবর এক দিনে সর্বোচ্চ ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। গত বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিল ৩৪৪ জন। সেদিন দুজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে ১৯ হাজার ২৮৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং মারা গেছে ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এ বছর সবচেয়ে বেশি ১৪ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ৪ হাজার ৭৩৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৪১৭ জন ঢাকায় ও ২২০ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২ হাজার ৩৩৩ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার ৫০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৭৭১ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ৫৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের ছয় দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ১৯১ জন। এ সময়ে মারা গেছে ৮ জন। এর আগে গত সেপ্টেম্বর মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৯ হাজার ৯১১ জন ও মারা যায় ৩৪ জন। গত আগস্টে হাসপাতালে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ও মারা গিয়েছিল ১১ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত