নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকের প্রার্থী আসমা সুলতানা আশরাফের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় আসমা সুলতানা আশরাফসহ তার পক্ষে প্রচারে অংশ নেওয়া মো ফারুক আলী, মো. আনিস মিয়া ও ইউসুফ হোসেন নয়ন নামে চারজন আহত হয়েছেন বলে জানায় ভুক্তভোগী।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্তবর্তী পাঁচগাও মোড়ে এঘটনা ঘটে। পরে ভুক্তভোগী ৯৯৯-এ ফোন দিলে তাদেরকে উদ্ধার করে পুলিশ।
আহত চেয়ারম্যান প্রার্থী আসমা সুলতানা কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানা গেছে।
ভুক্তভোগী আসমা সুলতানা আশরাফ জানান, ওই দিন নির্বাচনী প্রচারণায় একটু ক্লান্ত ছিলাম। সন্ধ্যার দিকে আমিসহ আমার কর্মী ও স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে ভারতীয় সীমান্ত ঘেঁষা পাঁচগাও মোড়ে চা স্টলে বসে চা পান করছিলাম। এসময় চা স্টলের সামনের সড়ক দিয়ে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ আসা যাওয়া করছিলেন। চা স্টলে আমাকে বসা দেখে অনেক চেয়ারম্যান ও মেম্বারগণ মোটরসাইকেল থামিয়ে মতবিনিময়ের সময় হঠাৎ আমার ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ আ.লীগ মনোনীত আনারস প্রতীকের পক্ষের কতিপয় লোকজন। বলতে থাকে আমি কেন চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি? চেয়ারম্যান পদে কোন নির্বাচন হবে না, কোন ভোটারের কাছে যেতে পারবো না ও প্রচারণা চালাতে পারবো না। তারা আমাকেসহ আমার কর্মীদের বেধড়ক মারপিট করে ক্যামেরা, মোবাইল, হাতের চুরিসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে।
এসময় ৯৯৯ এ ফোন দিলে পুলিশ আমাদের উদ্ধার করে। বর্তমানে তিনিসহ তার পক্ষের আহত কর্মীরা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানান তিনি। নিরাপত্তাহীনতার মধ্যে আছেন এবং সুস্থ হলে পুলিশের সাহায্য নিয়ে থানায় লিখিত অভিযোগ দিবেন বলেও জানান তিনি।
কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম জানান, ফোন পাওয়ার ১৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা গিয়ে দেখি ভুক্তভোগীরা দোকানে বসে আছেন। ভুক্তভোগীরা বলছে, তাদেরকে মারধর করা হয়েছে। সেখানে দোকানদার ছাড়া অন্য কাউকে পায়নি আমরা পায়নি বলে জানান তিনি।
