ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে বর্ণাঢ্য নৌ র্যালি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঝালকাঠি কলেজ খেয়াঘাট এলাকা থেকে দুটি স্পিডবোট ও আটটি ট্রলারযোগে বর্ণাঢ্য এই নৌ র্যালি শুরু হয়। র্যালিটি সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক মো. জোহর আলীর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল মৎস্য বিভাগের উপপরিচালক আনিছুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ প্রমুখ। এ ছাড়া র্যালিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মৎস্যজীবী সংগঠন ও জেলেরা অংশ নেন।
প্রজনন মৌসুম সফল করতে গতকাল থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মা-ইলিশ সংরক্ষণ কার্যক্রম চলবে। এ সময় ছয়টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা ছাড়াও দেশে ইলিশ বিপণন, পরিবহন ও মজুদ নিষিদ্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগ অভায়াশ্রম এলাকায় মা-ইলিশ সংরক্ষণে এ কর্মসূচির আয়োজন করে।
