যশোরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী প্রাণ হারিয়েছেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের যশোর সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল রাত পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় আরও আটজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এর মধ্যে গোপালগঞ্জ সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন, টাঙ্গাইলের মির্জাপুরে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-ড্রাম ট্রাক সংঘর্ষে দুজন, নীলফামারীতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক এবং ঢাকার আশুলিয়ায় নিজের কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে এক চালকের মৃত্যু হয়েছে।
যশোরে নিহতরা হলেন সদর উপজেলার এড়েন্দা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আসিফ (১৯), দুর্গাপুর গ্রামের নাজির আলীর ছেলে আরমান (১৯) ও আলমগীর হোসেনের ছেলে সালমান (১৯)। তারা একে অন্যের বন্ধু। তিনজনই সদর উপজেলার নতুনহাট পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
হাইওয়ে পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে ঝিকরগাছা থেকে যশোর শহরের দিকে ফিরছিলেন। নতুন হাট এলাকায় পৌঁছলে একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরমান ও আসিফ নিহত ও সালমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় সালমানকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়। তিন বন্ধুর মোটরসাইকেলে ধাক্কা দেওয়া গাড়িটি তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন নাভারণ হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান।
গোপালগঞ্জে নিহত ৪ : গোপালগঞ্জ সদরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১০ জন। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত পুলিশ সদস্য আবদুল আলিম (৩০) ও বাগেরহাট সদরের জয়নাল আবেদিন (২২)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। নিহত পুলিশ সদস্য ভিআইপি ডিউটিতে গোপালগঞ্জে এসেছিলেন।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে চন্দ্রদিঘলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জাপুরে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-ড্রাম ট্রাক সংঘর্ষে নিহত ২ : টাঙ্গাইলের মির্জাপুরের কুরনী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাক-কাভার্ড ভ্যান-ড্রাম ট্রাক সংঘর্ষে পিকআপের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শিশুসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছে। গতকাল ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের উলিপুরের মুসলিপাগা গ্রামের ফিরোজ চন্দ্র বর্মণের ছেলে পিকআপের চালক রতন চন্দ্র বর্মণ এবং টাঙ্গাইলের বাসিন্দা বিবেক (২৩)। আহতদের মধ্যে ১১ জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, মহাসড়কের কুরনী এলাকায় বিকল হওয়া বালুভর্তি একটি ট্রাককে পাশ কাটানোর (ওভারটেক) সময় দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসটির বাম পাশ দুমড়েমুচড়ে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় বাসের পেছনে থাকা একটি ড্রাম ট্রাক হঠাৎ ব্রেক করে। তখন পেছনে থাকা মুরগিভর্তি পিকআপ ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটিও দুমড়েমুচড়ে যায়।
আশুলিয়ায় নিজ কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু : ঢাকার সাভারের আশুলিয়ায় নিজের কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে শাহাদাত হোসেন (৩৪) নামে এক চালকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার বাইপাইল এলাকার শাহরিয়ার গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত কুমিল্লার লাঙ্গলকোটের শাহ আলম হোসেনের ছেলে।
আশুলিয়া থানার এসআই শেখ ফরিদ আহমেদ জানান, শাহরিয়ার গার্মেন্টস থেকে চট্টগ্রামে নেওয়ার জন্য কিছু পোশাক এসকে এন্টারপ্রাইজ ট্রান্সপোর্ট নামে কাভার্ড ভ্যানে তোলেন চালক শাহাদাত। পরে তিনি কারখানা থেকে সড়কে ওঠার সময় কাভার্ড ভ্যানটির একটি চাকা গর্তে আটকে যায়। তখন গাড়ি থেকে নেমে তা দেখতে গেলে হঠাৎ কাভার্ড ভ্যানটি উল্টে শাহাদাতের গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত : নীলফামারীতে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তরুণ রায় (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার জালিয়াপাড়া এলাকায় নীলফামারী-ভবানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ রায় সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের দক্ষিণ চওড়া গ্রামের মৃত ভেল্লা রায়ের ছেলে।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা
