হামলায় আহত সাবেক চেয়ারম্যানের মৃত্যু

দুর্গাপুরে টায়ার জ্বেলে সড়ক অবরোধ, বিক্ষোভ

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০১:৫০ এএম

দুর্গাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আদিবাসী নেতা সুব্রত সাংমা (৪৮) মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম।

এই আদিবাসী নেতার মৃত্যুর খবরে এলাকায় ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে দুর্গাপুর পৌরশহরের উৎরাইল বাজারে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। বিকেল ৪টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন। মিছিলটি পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৫টা) সড়ক অবরোধ করে রাখেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ও ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।

সুব্রত সাংমা এবার কুল্লাগড়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এর আগে তিনি একই ইউপির সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত প্রমোদ মানকিনের ভাতিজা সুব্রত সাংমা।

নিহত সুব্রত সাংমার বোন কেয়া তজু দাবি করেন, গত ২৯ সেপ্টেম্বর বিকেলে কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান আবদুল আওয়ালের নেতৃত্বে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়। এ ঘটনার পর ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কেয়া তজু আরও বলেন, ঘটনার পরদিন রাতে আমি বাদী হয়ে চেয়ারম্যানসহ তার ভাই শামিম আহমেদ, মো. বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ করে দুর্গাপুর থানায় মামলা করি। এরমধ্যে আসামিরা আদালত থেকে জামিনও পেয়ে গেছে।

দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, সুব্রত সাংমার মৃত্যুর খবরে এলাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তা নিয়ন্ত্রণে চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত