যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হতেই ফের উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
স্থানীয় সময় রোববার (৯ অক্টোবর) এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলোর কর্তৃপক্ষ জানিয়েছে। সাম্প্রতিক দিনগুলোর মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। খবর বিবিসির।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, রোববার ভোরে পিয়ংইয়ং দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর মুনচন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। প্রথমটি স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। ছয় মিনিট পর দ্বিতীয়টি ছোড়া হয়।
জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় উঠে এবং ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।
তিনি বলেন, ক্ষেপণাস্ত্র দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে। কোন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কি না সেটাও দেখা হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বিষয়টি নিয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে একান্তভাবে আলাপ চালিয়ে যাচ্ছে তারা। এতে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবের’ বিষয়টি গুরুত্ব পেয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই উৎক্ষেপণকে ‘গুরুতর উস্কানি’ হিসেবে নিন্দা করে বলেছে, তারা (উত্তর কোরিয়া) এই অঞ্চলে শান্তিকে ক্ষুণ্ন করছে। যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশনের স্পষ্ট লঙ্ঘন।
