বগুড়া জনপ্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জননেত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন ডা. মকবুলকে। তাকে বিজয়ী করতে সকলকে কাজ করতে হবে। দলের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে হবে। এই নির্বাচন দলীয় প্রার্থীর জয় না হলে সরকার বদল হবে না। তাই সেটা না ভেবে দলীয় সকল জনপ্রতিনিধিকে কাজ করতে হবে। দলীয় সকলকে শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। যার যার এলাকায় জনপ্রতিনিধি রয়েছে তাদের সকলের সাথে কথা বলতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে। আর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারও ডা. মকবুল হোসেনের বিজয় নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সবার কথা ভাবেন। তাই দলের বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মকবুলকে মনোনয়ন দিয়েছেন। সৎ ও যোগ্য প্রার্থী তিনি। তার বিকল্প কেউ নেই। দলের স্বার্থে শেখ হাসিনা মনোনীত প্রার্থীর বিজয় ঘটাতে হবে। নইলে নিজেদের অস্তিত্ব কথা ভুলে যেতে হবে। দলের দুঃসময়ে অনেকে দল থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করেছেন। ডা. মকবুলের মতো মানুষরা কখনও দলকে ছেড়ে যাননি। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে গেছেন। দলের স্বার্থে তারা ছিলেন আপসহীন। তাই যারা দলের জন্য আত্মত্যাগী তাদের জন্য আমাদের কাজ করতে হবে। ডা. মকবুলের বিজয় মানে শেখ হাসিনার বিজয়, বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়। তাই সকলকে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শেখ হাসিনা মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেনের বিজয় নিশ্চিত করতে কাজ করতে হবে।
রবিবার (৯ অক্টোবর) বিকেলে বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়েজিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডা. মকবুল হোসেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি টি জামান নিকেতা, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসাাদুর রহমান দুলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট তবিবর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান সীমা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহ মো. আখতারুজ্জামান ডিউক, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ খান রনি, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, আওয়ামী লীগ নেতা শামস-উল-আলম জয়, জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা।
