বেলাবতে নদে ডুবে তিন ছাত্রীর মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১২:২২ এএম

নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ১১টার দিকে নরসিংদী ও কিশোরগঞ্জের কটিয়াদীর সীমান্তবর্তী বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরাকান্দা গ্রামের আড়িয়াল খাঁ নদ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তিন শিশু হলো বীরাকান্দা গ্রামের কাউছার মিয়ার মেয়ে শিপা আক্তার (৮), কাশেম মিয়ার মেয়ে ঝুমা আক্তার (৭), মৃত ফারুক মিয়ার মেয়ে হালিমা (১০)। পাশাপাশি বাড়ির বাসিন্দা ওই তিন শিশু সব সময় একসঙ্গে খেলাধুলা করত। শিপা স্থানীয় বীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে এবং ঝুমা একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। হালিমা বীরকান্দা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ত।

নিহতের পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, রবিবার  দুপুরে কাউকে না জানিয়ে আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় তিন শিশু। এরপর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত ১১টার দিকে আড়িয়াল খাঁ নদে একজনের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে একে একে আরও দুজনের লাশ ভেসে ওঠে।

বেলাব থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত