নিখোঁজের ৭ দিন পর শিশুর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ০১:০৩ পিএম

বগুড়ায় সাত দিন আগে নিখোঁজ স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় (৯) নামের এক শিশুর গলা ও হাত-পায়ের রগ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের লক্ষিকোলা গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বুলবুল হোসেন শাজাহানপুর উপজেলার বিজয় লক্ষিকোলা গ্রামের ভ্যানচালক শাহিদুল ইসলামের ছেলে এবং লক্ষিকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।

জানা গেছে, গত বুধবার (৫ অক্টোবর) বিকেলে গ্রামের অন্যান্য শিশুদের সঙ্গে বিজয় মাদলা মালিপাড়ায় দুর্গাপূজার মেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর অন্য শিশুরা বাড়ি ফিরলেও বিজয়ের খোঁজ পাচ্ছিলেন না তার পরিবার।

বিজয়ের বাবা শাহিদুল ইসলাম বলেন, ছেলে নিখোঁজ হওয়ার পর বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। মঙ্গলবার ভোরে গ্রামের এক ব্যক্তি মাঠে কাজে যাওয়ার পথে লক্ষিকোলা গ্রামের মাহমুদের পরিত্যক্ত ইট ভাটার চিমনীর কাছ থেকে দুর্গন্ধ পেয়ে মরদেহের সন্ধান পান। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শাহিদুল ইসলাম আরও বলেন, আমার সঙ্গে কারো বিরোধ নাই। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি। মাস খানেক আগে ভ্যান গাড়িটি চুরি হয়ে যায়। এনিয়েও কারো সাথে শত্রুতা তৈরি হয়নি। তিন ছেলের মধ্যে বিজয় ২য়। মরদেহের গলাকাটা ছাড়াও হাত-পায়ের রগ কাটা ছিল বলে তিনি জানান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, থানা পুলিশ শিশুর লাশটি উদ্ধার করেছে। পুলিশের সঙ্গে সিআইডি’র একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের কাজ চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত