ঘুষ গ্রহণের অভিযোগের মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা শাসিত দেশটির একটি আদালত।
এই বিচার কার্যক্রম সম্পর্কে অবগত একটি সূত্র বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতায় ফেরে দেশটির সেনাবাহিনী। গ্রেপ্তার হন সু চি।
সু চি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তাকে রাজধানীর নাইপিদোর একটি নির্জন কারাগারে রাখা হয়েছে।
সামরিক জান্তার বিশেষ আদালতে তার রুদ্ধদ্বার বিচার চলছে।
সূত্রটি জানায়, সু চির বিরুদ্ধে একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে মামলাটি করা হয়।
শান্তিতে নোবেল জয়ী ৭৭ বছরের সু চির বিরুদ্ধে অন্তত ১৮টি মামলা হয়েছে। ঘুষ গ্রহণ থেকে শুরু করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা ওই সব মামলায় সু চির সর্বোচ্চ ১৯০ বছরের কারাদণ্ড হতে পারে।
