কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ হোসেন (৩০) নামের এক হেড মাঝি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে উখিয়ার বালুখালী-৯ নম্বর আই-১-ব্লকের পাহারা দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ হোসেন ওই ক্যাম্পের মোহাম্মদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর থেকে আবারো সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এপিবিএন সদস্যরা পুরো ক্যাম্প এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। এখন পর্যন্ত ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন বলেন, রোহিঙ্গা মাঝি মোহাম্মদ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়। তাকে অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।
রোহিঙ্গারা বলেন, তিন-চারজন হঠাৎ কোমর থেকে অস্ত্র বের করে পরপর তিনটি গুলি করে পালিয়ে যান। তার শরীরে তিনটি গুলি লেগেছে।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে আহত রোহিঙ্গা নেতাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
