পঞ্চগড়ের বোদায় শত্রুতা করে আবুল কাশেম নামে এক বর্গাচাষির এক একর জমির ১৫ হাজার বাঁধাকপির গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই চাষি। গত মঙ্গলবার রাতে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের লাঠুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষি।
ক্ষতিগ্রস্ত আবুল কাশেম বলেন, ‘কয়েক বছর ধরে বর্গা নিয়ে এক একর জমিতে বাঁধাকপির চাষ করে আসছি। কঠোর পরিশ্রম করে কপির গাছ বড় করেছি। গতকাল বুধবার সকালে ক্ষেতে গিয়ে দেখি কে বা কারা বাঁধাকপির গাছগুলো কেটে ফেলেছে। চারা, সার কীটনাশকসহ বাঁধাকপির চাষ করতে লাখ দুয়েক টাকা ব্যয় হয়েছে। পুরো ক্ষেতের গাছ কেটে ফেলেছে। আমার স্বপ্ন নষ্ট করেছে দুর্বৃত্তরা। আশা ছিল এ বছর ক্ষেত থেকে ৭-৮ লাখ টাকার বাঁধাকপি বিক্রি করব।’ চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি কৃষি কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছি।’ বোদা উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে এমনটি ঘটেছে। এটি একটি ফৌজদারি অপরাধ। আমরা বিষয়টির তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করব।
বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোলেমান আলী অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি বিষয়টি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কৃষি কর্মকর্তাকে বলেছি। পুলিশকেও ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। ক্ষতিগ্রস্ত চাষিকে প্রণোদনাসহ আপৎকালীন সহায়তা প্রদানের ব্যবস্থা নেব।’
