এবার ঘুষের দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ০২:২৯ এএম

মিয়ানমারের ক্ষমতাচ্যুত ও গৃহবন্দি নেত্রী অং সান সু চিকে দুর্নীতি মামলায় নতুন করে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া  হয়েছে। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার জান্তার আদালতে এ সাজা ঘোষণা করা হয়। আলজাজিরা বলছে, এর মধ্য দিয়ে শান্তিতে নোবেলজয়ী এ নেত্রীকে এ পর্যন্ত বিভিন্ন মামলায় মোট ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হলো।

এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, একজন ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে করা মামলায় বুধবার সু চিকে কারাদণ্ড দেয় জান্তা আদালত। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় ওই সূত্রটি তার পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেছেন। বার্তা সংস্থাটি আরও বলছে, সু চি দুটি অভিযোগে তিন বছর করে কারাদণ্ড পেয়েছেন এবং এই সাজা একই সঙ্গে ভোগ করবেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৭৭ বছর বয়সী নোবেল বিজয়ী এই রাজনীতিক বরাবরই সামরিক শাসনের বিরোধিতাকারী একজন ব্যক্তিত্ব। গত বছরের শুরুর দিকে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে আটক করে দুর্নীতি থেকে নির্বাচনে জালিয়াতি পর্যন্ত কমপক্ষে ১৮টি অপরাধের জন্য অভিযুক্ত করা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সব মামলায় যদি সু চি দোষী সাব্যস্ত হন, সেক্ষেত্রে সবমিলিয়ে তার বিরুদ্ধে সর্বোচ্চ ১৯০ বছরের কারাদণ্ডাদেশ হতে পারে।

রাজধানী নেইপিদোর রুদ্ধদ্বার আদালতে সু চির বিরুদ্ধে বিচারকাজ চলছে। সু চি অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে এসেছেন।

জান্তাবিরোধীরা বলছেন, সু চির বিরুদ্ধে এসব অভিযোগের উদ্দেশ্য হচ্ছে তাকে আবারও রাজনীতিতে জড়াতে বাধা দেওয়া বা গত বছরের অভ্যুত্থানের পর থেকে ক্ষমতা দখলকে চ্যালেঞ্জ করার চেষ্টাকে আটকে দেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত