ঝিনাইদহে সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি সাইদুজ্জামান মুরাদসহ তিন শিক্ষার্থী হত্যা ও দুই শিক্ষার্থীকে আহত করার ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষার্থীরা এবং নিহত ও আহতদের পরিবারের আয়োজনে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে আহত কলেজের জিএস সজীব আহমেদ, নিহত মুরাদের বাবা বদিউজ্জামান বিশ্বাস, মা শেফালী বেগম, স্ত্রী সুমি খাতুনসহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, গত ৭ অক্টোবর রাতে ছাত্রলীগের ধাওয়া খেয়ে পালানোর সময় সদর উপজেলার আঠারো মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ওই তিন কলেজ ছাত্র নিহত হয়। এটি দুর্ঘটনা নয়, পরিকল্পিতভাবে শিক্ষার্থী মুরাদ, তৌহিদ ও সমরেশকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
