ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার (১৪ অক্টোবর) রাতে থেকেই নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। এই সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহের সঙ্গে আশপাশের জেলার বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিকরা।
শনিবার (১৫ অক্টোবর) সকালে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়, মাসকান্দা বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, আজ ময়মনসিংহ থেকে কোন বাস ছেড়ে যায়নি। তবে স্বল্প পরিসরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা।
আমেনা বেগম নামে শেরপুরগামী এক যাত্রী জানান, ২ ঘণ্টা যাবত পাটগুদাম বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু কোন ভাবেই যেতে পারছি না।
বিএনপির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সমাবেশে যেন নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এছাড়াও সিএনজি, মাহিন্দ্রসহ অন্যান্য ছোট ছোট যান চলাচলেও বাধা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জেলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা জানান, বাস বন্ধের কোন সিন্ধান্ত নেওয়া হয়নি। সকল রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোন মালিক তাদের গাড়ির নিরাপত্তার জন্য বাস বন্ধ রাখতে পারেন। কোন মালিক যদি তার ব্যক্তিগত কারণে বাস বন্ধ রাখে এটা মালিক সমিতির কোন বিষয় নয়।
এদিকে, সমাবেশ সফল করতে শুক্রবার রাত থেকেইে নগরীতে অবস্থান শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। কেউ ট্রেনে, কেউ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় সমাবেশস্থলে আসছেন। খন্ড খন্ড মিছিল নিয়ে সকাল থেকেই নগরীর চরপাড়া ও মাসকান্দা এলাকা দখলে নেয় বিএনপি। তবে আশপাশের এলাকায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়নি।
