মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আগত মুসল্লিদের সেবা কার্যক্রম দিন দিন উন্নত হচ্ছে। এরই অংশ হিসেবে দুই মসজিদের মুসল্লি ও ওমরাযাত্রীদের সুবিধার জন্য আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব সেবামূলক কার্যক্রম চালু করা হয়েছে। মসজিদে হারামে সেসব সেবা কার্যক্রমের অন্যতম হলো রোবটিকসেবা।
রোবটের মাধ্যমে পরিচ্ছন্নতা : অত্যাধুনিক প্রযুক্তির রোবটের সাহায্যে পবিত্র মসজিদে হারাম ও এর চত্বরের আবহাওয়া ও পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্ত রাখা হয়। রোবটটি স্বয়ংক্রিয়ভাবে একাধারে ৫ থেকে ৮ ঘণ্টা কাজ করে এবং ২৩.৮ লিটার ধারণক্ষমতাসম্পন্ন রোবটে ৬০০ বর্গমিটার স্থান জীবাণুমুক্ত রাখতে ঘণ্টায় দুই লিটার জীবাণুনাশক ব্যবহৃত হয়। মসজিদে আগত মুসল্লি ও ওমরাহযাত্রীদের কভিড-১৯-সহ নানা ধরনের ভাইরাস থেকে সুরক্ষা দিতে অত্যাধুনিক প্রযুক্তির রোবট পদ্ধতি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
পবিত্র কোরআন বিতরণে রোবট : ভিড় এড়াতে মসজিদের ভেতর অত্যাধুনিক রোবটের সাহায্যে মুসল্লিদের মাঝে পবিত্র কোরআন বিতরণ করা হয়। ৪০ কেজি ধারণক্ষমতার রোবটে চারটি তাক রয়েছে, যা ম্যানুয়াল ও অটোমেটিক উভয় পদ্ধতিতে সেবা দিচ্ছে।
নির্দেশনা দিতে রোবট : আগত মুসল্লিদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর ও ফতোয়া প্রদানে ব্যবহৃত হচ্ছে ২১ ইঞ্চির অত্যাধুনিক টাচ স্কিন রোবট। চার চাকার অত্যাধুনিক রোবট মুসল্লিদের ওমরাহ পালন, ইসলামবিষয়ক জিজ্ঞাসার জবাবসহ ইসলামি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছে। বিদেশি মুসল্লিদের নির্দেশনা দিতে রোবটের সাহায্যে ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবা দেওয়া হচ্ছে। আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফারসি, তুর্কি, চায়নিজ, বাংলা ও হাউসাসহ ১১ ভাষায় ইসলামবিষয়ক নানা প্রশ্নের উত্তর দেওয়া হয়। এ ছাড়া যেকোনো উদ্বেগজনক পরিস্থিতিতে করণীয়, দিকনির্দেশনা দেওয়া হয়। স্মার্ট স্টপেজ সিস্টেম অনুসরণ করে অত্যাধুনিক প্রযুক্তির রোবটটি সহজেই একস্থান থেকে অন্যস্থানে চলাফেরা করতে পারে।
জমজমের পানি বিতরণ : অত্যাধুনিক রোবটের সাহায্যে মুসল্লিদের মধ্যে পবিত্র জমজমের পানি বিতরণ করা হয়। করোনাকালে মুসল্লিদের ভিড় প্রতিকারে এ ব্যবস্থা নেওয়া হয়। সরাসরি কারও সহায়তা ছাড়া তা একাধারে ৫ থেকে ৮ ঘণ্টা জমজমের পানির বোতল বিতরণে কাজ করছে। প্রতি ১০ মিনিটে এক রাউন্ডে ৩০টি জমজমের বোতল বিতরণ করা হয়। এসব বোতল লোড করতে সময় নেয় মাত্র ২০ সেকেন্ড।
তেলাওয়াত ও আজান শুনতে রোবট : অত্যাধুনিক রোবটের সাহায্যে পবিত্র মসজিদে হারামের ইমামদের কোরআন তেলাওয়াত, আজান ও খুতবা শোনার ব্যবস্থা করা হয়। রোবটের মাধ্যমে ব্যবহারকারী চাইলে টাচস্ক্রিনে যেকোনো বিষয়ের বারকোড বের করে নিজের মোবাইলে তা ধারণ করতে পারবে। ভয়েস রেকর্ডের মাধ্যমে বিভিন্ন নির্দেশনার পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনের সাপ্তাহিক রুটিনসহ জুমাবিষয়ক বিভিন্ন তথ্য পাওয়া যাবে।
তা ছাড়া ‘আল মাকরা আল হারামাইন’ সেবার মাধ্যমে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের হাফেজদের মাধ্যমে কোরআন পাঠদান করা হয়। এর মাধ্যমে ভালোভাবে কোরআন পাঠ শিখতে আগ্রহী নানা দেশের মুসলিম ও পবিত্র মসজিদে হারামে আগত মুসল্লিরা কোরআন শিখতে পারে। সহজ পদ্ধতিতে কোরআন পাঠে দক্ষতা অর্জন করে সার্টিফিকেট লাভ করা যায়।
