বিরূপ পরিস্থিতিতেও ভালো ব্যবসা লাফার্জহোলসিমের

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:৫১ পিএম

কাঁচামালের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটে দেশের শিল্প-কারখানাগুলোর বিরূপ পরিস্থিতির মধ্যে ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভালো অবস্থায় রয়েছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির সিমেন্ট বিক্রি যেমন বেড়েছে, তেমনি বেড়েছে মুনাফাও। এ সময় কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২১ শতাংশ। লাফার্জহোলসিমের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার রাতে লাফার্জহোলসিম চলতি হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকে লাফার্জহোলসিমের পণ্য বিক্রি থেকে আয় হয়েছে ৫৭১ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি। এ সময় মোট আয় হয়েছে ২২৯ কোটি ৮২ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে চেয়ে ৩৯ দশমিক ৬ শতাংশ। প্রশাসনিক, বিক্রি ও বিপণন ব্যয় শেষে চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির পরিচালন মুনাফা হয়েছে ১৭১ কোটি ৬৭ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ শতাংশ বেশি।

চলতি তৃতীয় প্রান্তিকে লাফার্জহোলসিমের সুদ ব্যয় বেড়েছে। এ সময় কোম্পানির সুদবাবদ ব্যয় হয় ১০ কোটি ১৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ কোটি ৩৩ লাখ টাকা। সুদ ব্যয় ও কর পরিশোধের পর চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির নিট মুনাফা হয়েছে ১১৩ কোটি ৪৬ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২১ শতাংশ বেশি।

তৃতীয় প্রান্তিকে মুনাফা প্রসঙ্গে লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী রাজেশ সুরানা বলেন, মূলত বিক্রি বৃদ্ধির কারণেই গত প্রান্তিকের এই দারুণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। আমাদের নতুন পণ্য এবং নতুন বিপণন চ্যানেল এক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে। গুরুত্বপূর্ণ অবদান রেখেছে ডিজিটাল উদ্ভাবন ও নতুন নতুন ব্যবসা ক্ষেত্রগুলো। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার আমাদের যে লক্ষ্য রয়েছে তাতে সহযোগিতা করছে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, যা আমাদের জ্বালানি খরচও কমাচ্ছে। এই প্রান্তিকে কাঁচামালের দামের অস্বাভাবিক বৃদ্ধি আমরা লক্ষ করেছি, যার কিছুটা লাঘব হয়েছে উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধির কারণে।

তিনি আরও জানান, আমাদের নতুন পণ্য ‘হোলসিম ওয়াটার প্রোটেক্ট’ এবং ‘হোলসিম শক্তি’ বাজারে আনার অল্প সময়ের মধ্যেই মোট বিক্রিতে শতকরা ৫ ভাগ অবদান রেখেছে। নতুন বিপণন চ্যানেল ‘ডিরেক্ট টু রিটেইল’ নতুন মাইলফলক অতিক্রম করেছে এবং মোট বিক্রিতে শতকরা ১০ ভাগ অবদান রেখেছে।

পর্যালোচনায় দেখা গেছে, অ্যাগ্রিগেটস ব্যবসা থেকে লাফার্জহোলসিমের আয় বেড়েছে। চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) অ্যাগ্রিগেটস ব্যবসা থেকে কোম্পানির আয় হয়েছে ১৩৯ কোটি ২৪ লাখ টাকা, যা থেকে পরিচালন মুনাফা হয়েছে ৭৫ কোটি ৬২ লাখ টাকা। ২০২১ সালের প্রথম ৯ মাসে অ্যাগ্রিগেটস ব্যবসা থেকে কোম্পানির আয় ছিল ১০২ কোটি টাকা এবং এ খাত থেকে পরিচালন মুনাফা ছিল ৫২ কোটি ৩৫ লাখ টাকা। তবে অ্যাগ্রিগেটস ব্যবসা থেকে আয় বাড়লেও কমেছে ক্লিংকার বিক্রি থেকে আয় কমেছে।

অ্যাগ্রিগেটস ব্যবসা থেকে আয় বাড়ায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে কোম্পানির  রেভিনিউ বেড়েছে সাড়ে ৮ শতাংশ। এ সময় পণ্য বিক্রি থেকে কোম্পানির আয় হয়েছে ১ হাজার ৬৯৮ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ৯ মাসে গ্রে সিমেন্ট বিক্রি বেড়েছে ১১ শতাংশ। এ সময় কাঁচামালের খরচ শেষে কোম্পানির মোট আয় হয়েছে ৫৮৩ কোটি ৯৮ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৮ শতাংশ বেশি।

চলতি হিসাব বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রশাসনিক, বিক্রি, বিতরণ ও সুদ ব্যয় শেষে করপূর্ববর্তী মুনাফা দাঁড়িয়েছে ৪১০ কোটি টাকা। এ সময় প্রতিষ্ঠানটি আয়কর বাবদ ৭৯ কোটি ২১ লাখ টাকা পরিশোধ করেছে। এতে করপরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৩০ কোটি ৮১ লাখ টাকায়, যা আগের বছরের একই সময়ে ছিল ৩০৮ কোটি ৮৭ লাখ টাকা। নিট মুনাফা বেড়েছে ৭ শতাংশ। চলতি তৃতীয় প্রান্তিক পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৮৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৬৬ পয়সা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত