নেত্রকোনায় ছুরিকাঘাতে ছাত্র আহত

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১১:৫৭ পিএম

জমিসংক্রান্ত বিরোধে জুবায়ের শাহ ওরফে জিকেল (১৬) নামে পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর শাহজীবাড়ির আজিজুল ইসলামের ছেলে জিকেল বালালী বাঘমারা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে বনতিয়শ্রী উত্তরপাড়া থেকে বাড়ি ফেরার পথে দেওয়ালখালী সেতুর কাছে জিকেলের ওপর হামলা চালায় প্রতিপক্ষ। তার পিঠের বামপাশে ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। ছুরিটি ভেঙে এর অর্ধেক অংশ তার দেহের মধ্যে আটকে থাকে। তাকে স্থানীয়রা প্রথমে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠান।

আহত জিকেলের বাবা আজিজুল ইসলাম বলেন, বরুজ মিয়া, রেনু মিয়া ও সুমনদের জমির সঙ্গে আমার প্রায় এক একরের মতো জমি রয়েছে। তারা বিভিন্নভাবে এই জমি চাষাবাদ করতে বাধা প্রদান করে থাকে। চলতি বছরের মার্চ মাসের দিকে এ জমি নিয়ে তাদের সঙ্গে মারামারির ঘটনায় আদালতে মামলা চলমান। এসব বিষয়কে কেন্দ্র করে বরুজ মিয়ার ছেলে রাজেক (২৫), রেনু মিয়ার ছেলে সুমন (৩০) ও ফেরদৌস মিয়ার ছেলে এহসান গং চার-পাঁচটি মোটরসাইকেলে এসে অন্তত ১২ জন মিলে জিকেলের ওপর হামলা চালায়।

মদন থানার ওসি মাজেদুল ইসলাম জানান, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের নামেই মামলা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত